ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে সারাদেশের ন্যায় সিলেটেও সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার সিলেটে এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান ও জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে একটি চলমান সামাজিক উদ্যোগ হিসেবে নিতে হবে। এ কাজে কোনো পদ-পদবির বিষয় নেই; সবাইকে স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নিতে হবে।
তিনি বলেন, প্রতি শনিবার এক ঘণ্টা করে সময় দিয়ে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হলে সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে কার্যকর ফল পাওয়া সম্ভব হবে। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এ কর্মসূচিকে সফল করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
বিভাগীয় কমিশনার আরও বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনগণকে স্বেচ্ছাসেবকের ভূমিকা নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, সিলেট জেলায় আগামী তিন মাস প্রতি শনিবার ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। এ লক্ষ্যে নির্ধারিত রুটিন অনুযায়ী বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।
তিনি প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দিয়ে নিজ নিজ এলাকার বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান।
কর্মসূচিতে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা ও সাঈদা পারভীন, জেলা প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, বিএনসিসি, স্কাউটস, বিডি ক্লিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.