প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৬
সিকৃবি উপাচার্যের পদত্যাগের আন্দোলন ৩ দিনের জন্য স্থগিত

সিকৃবি উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের মানববন্ধন।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলামের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন তিন দিনের জন্য স্থগিত করেছেন আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাষ্ট্রপতির আসন্ন সিলেট সফরের প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপাচার্যের পদত্যাগের দাবিতে গত সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে টানা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন জাতীয়তাবাদী ছাত্রদল, সাদা দল এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের নেতা-কর্মীরা। আন্দোলনের ধারাবাহিকতায় ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও কর্মকর্তা তাঁদের প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। পাশাপাশি রাষ্ট্রপতি ও আচার্য বরাবর স্মারকলিপিও দেওয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাদা দলের সিকৃবি শাখার সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোজাম্মেল হক বলেন, আগামী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের সিলেটে আসার কথা রয়েছে। তাঁর প্রতি যথাযথ মর্যাদা প্রদর্শন করে আগামী রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত সব ধরনের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন থেমে থাকবে না। আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন উদ্যমে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পুনরায় শুরু করা হবে।