সংগৃহীত ছবি।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ জীবন মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ সিলেটের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
গ্রেপ্তার জীবন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কুড়িঘর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে র্যাব-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর ওয়ালটন প্লাজার সামনে অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সিলেট থেকে ঢাকাগামী জিদান এক্সপ্রেস পরিবহনে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে ঢাকার দিকে যাচ্ছেন।
সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের অলিপুর রেলক্রসিংসংলগ্ন মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। পরে ঢাকাগামী ওই বাসটিকে সংকেত দিয়ে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় জীবন মিয়া কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তিনি তাঁর কাছে গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরে তাঁর হেফাজতে থাকা রুপালি ও কালো রঙের একটি ব্যাগ তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো এবং খাকি রঙের স্কচটেপ দিয়ে প্যাকেটজাত ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধার করা আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.