ঢালিউডের কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহ (ফাইল ছবি)।
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ৩০ বছর পূর্ণ হয়েছে আজ। দীর্ঘ এই সময়েও তাঁর মৃত্যুরহস্যের কূলকিনারা হয়নি। মৃত্যুর ২৯ বছর পর দায়ের হওয়া হত্যা মামলাটি বর্তমানে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্তাধীন রয়েছে, যার প্রতিবেদন দাখিলের তারিখ এ পর্যন্ত ৯ বার পিছিয়েছে। নতুন করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর তারিখ ধার্য করা হয়েছে।
সালমান শাহর পারিবারিক নাম শহীদ চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্ম নেওয়া এই অভিনেতা মাত্র চার বছরের অভিনয়জীবনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটন রোডের নিজ ফ্ল্যাটে মাত্র ২৫ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড-এই প্রশ্নের মীমাংসা গত তিন দশকেও হয়নি।
ঘটনার পর প্রথমে অপমৃত্যুর মামলা হলেও পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করা হয়। দীর্ঘ আইনি লড়াইয়ে একাধিকবার তদন্ত সংস্থা বদল হয়-সিআইডির প্রথম প্রতিবেদন (১৯৯৭), বিচার বিভাগীয় তদন্ত (২০১৪) এবং সবশেষ পিবিআইয়ের প্রতিবেদনেও (২০২০) মৃত্যুকে আত্মহত্যা বলা হয়। প্রতিটি প্রতিবেদনই প্রত্যাখ্যান করেছে সালমান শাহর পরিবার। সবশেষ ২০২৫ সালের অক্টোবরে আদালত পরিবারের করা রিভিশন আবেদন মঞ্জুর করে হত্যা মামলা করার নির্দেশ দেন, যার ভিত্তিতে গত বছরের অক্টোবরে রমনা থানায় ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, তাঁর মা লতিফা হক লুসি, খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডনসহ আরও কয়েকজন। গত ৯ আগস্ট ঢাকার বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়, পরে ২৭ আগস্ট তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তবে এখন পর্যন্ত তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেনি সিআইডি। মামলার তদন্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, নিরাপত্তা ও জনবলের বিষয় বিবেচনায় নিয়ে যথাসময়ে রিমান্ডে নেওয়া হবে।
ডনের আইনজীবী ফরিদুল ইসলাম দাবি করেন, এ পর্যন্ত দাখিল হওয়া সব প্রতিবেদনেই আত্মহত্যার কথা বলা হয়েছে এবং তাঁর মক্কেল এ ঘটনায় জড়িত নন; উচ্চ আদালতে জামিনের আবেদন করা হবে। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান বলেন, আসামি রেজভির পূর্বের এক জবানবন্দিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার তথ্য থাকায় ঘটনাটি স্পষ্টত হত্যাকাণ্ড বলে তাঁরা মনে করেন।
সালমান শাহর মা নীলা চৌধুরী বলেন, তাঁর ছেলের মৃত্যু আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড এবং তাঁর কাছে ৬ সেপ্টেম্বর ‘সালমান শাহ হত্যা দিবস’। মাত্র একজন আসামি গ্রেপ্তার হওয়ায় অসন্তোষ প্রকাশ করে তিনি প্রধান আসামিদের দ্রুত গ্রেপ্তার ও মামলার দ্রুত বিচার দাবি করেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.