উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ এলাকায় এ অভিযান চালানো হয়।
বালু খেকোদের কালো থাবায় এখন রীতিমত অর্ধশত গর্ত আর বিশাল লেকে পরিণত হয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ। এবার সেই বালু লুটপাটে ঠেকাতে কালাইরাগ এলাকায় টাস্কফোর্সের অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযান চালিয়ে বালু পরিবহনে ব্যবহৃত ৭০টি বারকি নৌকা জব্দ করে ঘটনাস্থলেই ভেঙে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ, ধলাই নদীর পূর্ব পাড় ও বালুচর এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার।
উপজেলা প্রশাসন জানায়, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বারকি নৌকা দিয়ে পরিবহণ হচ্ছে অবৈধভাবে উত্তোলিত বালু। একারণে ধলাই নদীর লিজ বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৭০টি অবৈধ বারকি নৌকা জব্দ করা করা হয় এবং ঘটনাস্থলেই নৌকাগুলো ভেঙে ফেলা হয়। এছাড়াও অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়। তাদের মধ্যে একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর ব্যক্তির বয়স বিবেচনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার বলেন, নিষেধাজ্ঞা উপেক্ষা করে বালু উত্তোলন ও পরিবহনের করছে বারকি নৌকাগুলো। এজন্য ৭০টি বারকি নৌকা জব্দ করে ভাঙা এবং দুইজনকে আটক করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে নিয়মিত টাস্কফোর্স অভিযান অব্যাহত থাকবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.