একাডেমিক অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে এশিয়ান পার্লামেন্টারি ডিবেট, সিজন–৩ এবং স্প্রিং ২০২৬ সেমিস্টারের একাডেমিক অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য, যুক্তিবোধ, আত্মবিশ্বাস ও নেতৃত্বের দক্ষতাকে স্বীকৃতি ও উৎসাহিত করতে আয়োজিত এ অনুষ্ঠানটি শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর নিতাই চন্দ্র চন্দ এবং আইন অনুষদের ডিন প্রফেসর মোঃ তোতিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের বিভাগীয় প্রধান জনাব এ.কে.এম. সোহেল হাবিব নওরোজ।
অনুষ্ঠানে একাডেমিক অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে প্রতি সেমিস্টার থেকে দুইজন শিক্ষার্থীকে সেরা একাডেমিক ফলাফল ও সেরা উপস্থিতির স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হয়। শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের আরও ভালো ফলাফল ও নিয়মিত উপস্থিতির জন্য উৎসাহিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
অন্যদিকে, তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিভিন্ন ধাপ পেরিয়ে এশিয়ান পার্লামেন্টারি ডিবেট, সিজন–৩-এর ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টিম দ্য ক্ল্যাশ অব কনভিকশনস। বিজয়ী দলের সদস্যরা হলেন শতাব্দী পাল স্বর্ণা, উর্মী রায় এবং আনিশা তাবাসসুম লাবণ্য।
ফাইনালে শক্তিশালী পারফরম্যান্সের মাধ্যমে টিম দ্য লিগ্যাল স্ট্রাইকার্স রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে। রানার্স-আপ দলের সদস্যরা হলেন মোঃ মাহমুদুল হাসান রাজ, মোঃ হাবিবুর রহমান শায়েক এবং জাহাঙ্গীর হোসাইন।
চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের সদস্যদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ। পুরস্কার গ্রহণের সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও আনন্দে অনুষ্ঠানস্থলে তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম বলেন, শিক্ষার্থীদের শুধু একাডেমিক ক্ষেত্রে নয়, বরং সহশিক্ষা ও অন্যান্য কার্যক্রমের ক্ষেত্রেও দক্ষতা অর্জন করে নিজেদের যোগ্য ও বহুমাত্রিক ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, একাডেমিক জ্ঞানের পাশাপাশি বিতর্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ড, নেতৃত্ব ও অন্যান্য কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা ও চিন্তাশক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি এসব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আইন বিভাগের শিক্ষক জনাব অনুপম গোপ। তিনি এশিয়ান পার্লামেন্টারি ডিবেট, সিজন–৩ এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানটির পরিকল্পনা ও সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন। বক্তব্যে তিনি পুরো আয়োজনজুড়ে শিক্ষার্থীদের আন্তরিকতা, উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা ও দক্ষতা বিকাশের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মান্দুহা খানম ইদনা এবং প্রথম বর্ষের শিক্ষার্থী মিনহাল আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ ইমাদুর রহমান ইমাদ এবং গীতা পাঠ করেন সেকশন অফিসার জনাব সুবিনয় আচার্য্য।
অনুষ্ঠানে আইন বিভাগের সকল শিক্ষক উপস্থিত ছিলেন। শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণ, উৎসাহ ও প্রাণবন্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দঘন ও স্মরণীয়। একাডেমিক সাফল্যের স্বীকৃতি এবং বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ—এই দুই উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় নতুন অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.