সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট ও ট্যাক্সেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য রাখছেন ভিসি।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ভ্যাট ও ট্যাক্সেশন বিষয়ক ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ভবন-২-এর কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ.টি.এম. মাহবুব-এ-এলাহী, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আসাদ-উদ-দৌল্লাহ এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেন, একটি প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিয়ম-কানুনের যথাযথ অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভ্যাট ও ট্যাক্স সম্পর্কে সংশ্লিষ্টদের জ্ঞান ও দক্ষতা বাড়লে আর্থিক কার্যক্রম আরও সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে পরিচালনা করা সম্ভব হবে।
তিনি বলেন, দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে রাজস্বের ভূমিকা গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে সঠিক পরিমাণ কর প্রদান করলে রাষ্ট্র শক্তিশালী হয় এবং রাষ্ট্র শক্তিশালী হলে জনগণের জীবনমান উন্নত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে সিকৃবির প্রায় ১৬০ জন শিক্ষক ও কর্মকর্তা ভ্যাট ও ট্যাক্স-সংক্রান্ত সর্বশেষ তথ্য সম্পর্কে অবহিত হয়েছেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.