ভিডিও কলে শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য জানিয়েছেন।
রোববার (১৬ আগস্ট) ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে স্মরণীয় এই জয় তুলে নেয় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে এটি বাংলাদেশের প্রথম টেস্ট জয়। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই এমন সাফল্য পেল টাইগাররা।
বাংলাদেশের ঐতিহাসিক জয় নিশ্চিত হওয়ার সময় কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ম্যাচ শেষে তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে কথা বলেন এবং ঐতিহাসিক জয়ের জন্য তাদের অভিনন্দন জানান। এ সময় বাংলাদেশের মানুষের পক্ষ থেকেও দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের এই ঐতিহাসিক জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। দলের খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে।
তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। একই সঙ্গে পরের টেস্টেও বাংলাদেশ ভালো খেলবে এবং সিরিজ জয়ের সম্ভাবনাকে সাফল্যে রূপ দেবে বলে আশা প্রকাশ করেন।
ডারউইন টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৯৮ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশ তানজিদ হাসানের সেঞ্চুরির ওপর ভর করে ৪২৬ রান করে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২৮৪ রানে গুটিয়ে গেলে বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৫৭ রান। বাংলাদেশ এক উইকেট হারিয়ে সেই লক্ষ্য পেরিয়ে যায়।
এই ম্যাচে হাসান মাহমুদ দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজ নেন পাঁচ উইকেট। তানজিদ হাসান প্রথম ইনিংসে ১০১ রান করে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট সেঞ্চুরির কীর্তি গড়েন।
এর আগে ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্টে জয় পেয়েছিল বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়ার মাটিতে জয় তুলে নিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
আইটি ল্যাব সলিউশন্স লি.