শাড়ি আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে গত ১২ জুলাই একই আদালত তানজিন তিশাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তিনি।
জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তানজিন তিশা। এ সময় মামলার বাদীর বিরুদ্ধে তাকে হেনস্তা করার অভিযোগ তোলেন তিনি। তিশার দাবি, বাদী একজন নারী হলেও তার স্বামীর ক্ষমতা ব্যবহার করে তাকে হয়রানি করেছেন এবং তাকে বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হয়েছে।
তানজিন তিশা বলেন, তার বিরুদ্ধে অভিযোগকারী নারী তার স্বামীর ক্ষমতা দেখিয়ে তার সঙ্গে এমন আচরণ করেছেন। এ-সংক্রান্ত অনেক বিষয় ও প্রমাণ তার কাছে রয়েছে, যা তিনি সময়মতো প্রকাশ্যে আনবেন বলেও জানান অভিনেত্রী।
মাত্র ২৭ হাজার টাকা দামের একটি শাড়িকে কেন্দ্র করে এমন আইনি জটিলতা তৈরি করাকে উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন তিশা। তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে সততার সঙ্গে বিনোদন অঙ্গনে কাজ করছেন। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে একটি শাড়ির জন্য আদালতে দাঁড়াতে হওয়াকে তিনি নিজের ও অন্য শিল্পীদের জন্যও অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন।
অভিযোগকারীর প্রতি ইঙ্গিত করে তিশা আরও বলেন, তিনি নিজেও একজন নারী এবং তার পরিবার ও সন্তান রয়েছে। একজন নারী হয়ে আরেকজন নারীকে এভাবে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে যেন কাউকে এমন উদ্দেশ্যে হয়রানি করা না হয়, সেই প্রত্যাশাও জানান তিনি।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ঢাকার আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়, একটি শাড়ি নেওয়ার পর এর মূল্য পরিশোধ না করে তানজিন তিশা যোগাযোগ বিচ্ছিন্ন করেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.