ছবি: নাগরী নিউজ
সিলেটে চিত্রনায়ক সালমান শাহ হত্যার বিচার ও মামলার সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে ভক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সালমান শাহর ভক্তরা বলেন, নব্বইয়ের দশকের জনপ্রিয় এই নায়কের মৃত্যুকে দীর্ঘদিন আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়া হয়েছিল। তবে গত বছর আদালত মামলাটি হত্যা মামলা হিসেবে আমলে নেওয়ায় তারা নতুন করে আশাবাদী হয়েছেন।
বক্তারা বিশেষ করে খলনায়ক ডনের বিচার ও গ্রেপ্তারের দাবি জানান। তারা বলেন, 'সালমান শাহ ভালোবেসে ডনকে আপন করে নিয়েছিলেন। সেই ডনই তার বুকে ছুরি মেরেছেন। ডনসহ মামলার অন্য আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।'
সমাবেশে বক্তারা বলেন, '১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পর থেকেই তার ভক্তরা এটিকে আত্মহত্যা নয়, হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন। দীর্ঘদিন পর মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করায় তারা আশার আলো দেখছেন। সরকারের পাশাপাশি প্রশাসনের আন্তরিকতায় একজন আসামি গ্রেপ্তার হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।'
তারা আরও বলেন, সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের শাস্তি না হওয়া পর্যন্ত ভক্তদের অপেক্ষা শেষ হবে না। দ্রুত মামলার বিচারকার্য শেষ করার পাশাপাশি সিলেটে সালমান শাহর নামে একটি চত্বর প্রতিষ্ঠারও দাবি জানান তারা।
সমাবেশে সালমান শাহর ভক্তদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.