ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও তার স্ত্রী।
ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি গত কয়েক মাস ধরে হুমকি দিয়ে লেখা চিঠি পেয়ে আসছেন। সর্বশেষ একটি চিঠিতে তাঁকে ও তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলিসহ নিকট আত্মীয়দের হত্যার হুমকি দেওয়া হয়েছে। এরপর পুলিশের দ্বারস্থ হয়েছেন সৌরভ।
সোমবার এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, সাবেক ভারতীয় ক্রিকেটার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) প্রধান। বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিগুলো কোথা থেকে আসছে এবং কারা পাঠাচ্ছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সোমবার সিএবি দপ্তরে পাঠানো একটি চিঠি পাওয়ার পর দক্ষিণ কলকাতার ঠাকুরপুর পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ দেন সৌরভ। এর আগে গত ছয় মাসে বিভিন্ন সময়ে সাবেক বিসিসিআই প্রেসিডেন্টের নামে চিঠি এসেছে। তবে সোমবার পাওয়া দুটি চিঠির একটিতে তাঁকে ও তাঁর স্ত্রী ডোনাসহ নিকট আত্মীয়দের হত্যার হুমকি দেওয়া হয়।
এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা অভিযোগটিকে গুরুত্ব সহকারে নিচ্ছি এবং একটি তদন্ত শুরু করেছি। দায়ী ব্যক্তিকে শনাক্ত করতে আমরা চিঠিগুলো, সেগুলোর উৎস এবং কুরিয়ারের গতিপথ খতিয়ে দেখছি।’
প্রাথমিক তদন্তে জানা গেছে, চিঠিগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি উত্তর চব্বিশ পরগণা জেলার বেলগাড়িয়ার।
পুলিশ প্রেরকের ব্যবহৃত বলে অভিযুক্ত সিমকার্ডের গতিবিধি খতিয়ে দেখতে শুরু করেছে। পাশাপাশি চালানগুলোর বিস্তারিত সংগ্রহ করতে সংশ্লিষ্ট কুরিয়ার সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ।
আইটি ল্যাব সলিউশন্স লি.