প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬ ১১:৩৩
রিয়াদে সোফা কারখানায় আগুন, ১৬ বাংলাদেশি নিহত

সৌদি আরবের রিয়াদের মুসা সানাইয়া শিল্প এলাকায় সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতরা।

সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই বাংলাদেশি বলে স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

রোববার স্থানীয় সময় দুপুর আনুমানিক ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে কর্মরত ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী।

নিহতদের মধ্যে নওগাঁ জেলার উজানপই গ্রামের ফরিদ, ডুবাই গ্রামের শুভ, গন্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, ডুবাই গ্রামের সুমন, গন্ডগোহালী গ্রামের মো. কলিমউদ্দিন, মো. মোহন, মো. সুমন, মিনহাজ, হৃদয়, শাহিন, আব্দুল জলিল, মজিদুল, সাগর, শামিম, সাব্বির ও শ্যামল রয়েছেন।

মর্মান্তিক এ অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানিতে রিয়াদে বাংলাদেশ দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে। দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে নিহতদের পরিচয় শনাক্তে স্থানীয় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ করছেন বলে গণমাধ্যমকে জানানো হয়েছে।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ফেসবুক পোস্টে জানানো হয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রিয়াদের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। নিহতদের পরিচয় শনাক্তসহ মরদেহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তাঁরা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা দিচ্ছে।

এ ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তাঁরা নিহত বাংলাদেশি নাগরিকদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে এই অপূরণীয় ক্ষতির সময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।