প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৬ ১৮:৩১
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দক্ষিণ সুরমায় বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা

দক্ষিণ সুরমার ভার্থখোলায় মোবাইল কোর্ট পরিচালনা করে সিতারা বেকারিকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু।

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ভার্থখোলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে একটি বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দক্ষিণ সুরমার ভার্থখোলা এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু।

অভিযানকালে সিতারা বেকারি পরিদর্শন করে প্রতিষ্ঠানটির উৎপাদন ও খাদ্য সংরক্ষণ পরিবেশে অস্বাস্থ্যকর অবস্থা পরিলক্ষিত হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় সিতারা বেকারিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।