প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৬ ১২:৫৪
সড়ক দুর্ঘটনায় আহত উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ

সড়ক দুর্ঘটনায় আহত হলেও বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ।

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ। ইভেন্টের কাজ শেষে ফেরার পথে তার বহনকারী গাড়িতে একটি দ্রুতগতির পিকআপ সজোরে ধাক্কা দেয়। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।

দুর্ঘটনার বিষয়ে মৌসুমী মৌ জানান, বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন। তবে মাথা, বুক, হাত ও পায়ে আঘাত পাওয়ায় ব্যথা অনুভব করছেন।

নিজের ফেসবুক পোস্টে দুর্ঘটনার অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, "আলহামদুলিল্লাহ! অনেক বড় বিপদ থেকে গতকাল বেঁচে গেছি। শো শেষ করে আসার পথে একটা পিকআপ আমাদের ধাক্কা দেয়। আমি গাড়ির বাম দিক থেকে ডান দিকে ছিটকে পড়ি। মাথা, বুকে, পায়ে আর হাতে ব্যথা পাই। কিন্তু বড় ধরনের কোনো কিছু আমার হয়নি।"

তিনি আরও জানান, তার গাড়ির ঠিক পেছনে মোটরসাইকেলে ছিলেন তার মেকআপ আর্টিস্ট মুমিন। কয়েক সেকেন্ডের ব্যবধানে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে উল্লেখ করেন তিনি।

মৌসুমী মৌ লেখেন, "যদি পিকআপটি মুমিনকে ধাক্কা দিত, তাহলে সে ছিটকে যেত। আর যদি আমার গাড়ির দরজার দিকে আঘাত করত, তাহলে হয়তো আমিও আর বেঁচে থাকতাম না।"

পিকআপ চালকের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। তার দাবি, চালক বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন এবং গাড়িটির ব্রেকেও সমস্যা ছিল। তিনি আরও অভিযোগ করেন, চালকের আচরণ দেখে মনে হয়েছে তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তদন্ত বা পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।