প্রকাশিত: ০৩ আগস্ট, ২০২৬ ২০:৩২
সাইবারনেটিক্স রোবো একাডেমিতে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সিলেটে সাইবারনেটিক্স রোবো একাডেমির উদ্যোগে শিক্ষার্থীদের সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেলে নগরীর সাগরদিঘীরপাড়ে একাডেমির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি এবং ভবিষ্যৎ পথচলায় উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খালেদ হোসেইন বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে দক্ষতা অর্জনের বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন, সৃজনশীলতা এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি শিশু-কিশোরদের প্রযুক্তি থেকে দূরে না রেখে সঠিক ও ইতিবাচক ব্যবহারের সঙ্গে পরিচিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অভিভাবকেরা একাডেমির শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন এবং শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ইতিবাচক মতামত তুলে ধরেন।

দ্বিতীয় পর্বে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী ‘স্টার কিডস’দের বিশেষ সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। এছাড়া কোডিং, রোবোটিক্স ও ইলেকট্রনিক্স কোর্স সফলভাবে সম্পন্নকারী স্কুল শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়। ‘ফিফা এক্স আইসিটি কুইজ প্রতিযোগিতা-২০২৬’-এর বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানের শেষে আয়োজকরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের প্রযুক্তি শিক্ষা বিস্তারে কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।